বাবর আজমের সেঞ্চুরিতে ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে প্রথম দল হিসেবে পাকিস্তান সুপার লিগের ফাইনাল নিশ্চিত করেছে পেশোয়ার জালমি। আগামী ৩ মে অনুষ্ঠেয় এই ফাইনালে নাহিদ রানাকে খেলাতে চায় পেশোয়ার। ইতোমধ্যে বিসিবি সভাপতি তামিম ইকবালের সাথে যোগাযোগ করেছেন পেশোয়ারের চেয়ারপারসন জাভেদ আফ্রিদি। এরপর বুধবার নাহিদের করা অনাপত্তিপত্রের ভিত্তিতে তাকে পিএসএল ফাইনালে খেলার অনুমতি দিয়েছে বিসিবি।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানায়, ‘বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা ক্রিকেটারের উন্নতির অংশ। সেই বিবেচনায় নাহিদকে অনাপত্তিপত্র দেয়া হয়েছে। এর সাথে টিম ম্যানেজমেন্ট ও বিসিবির মেডিকেল টিমের কাছ থেকেও ছাড়পত্র পাওয়া গেছে। একইসাথে তারা নিশ্চিত করেছে, ফাইনালে খেললে নাহিদের ফিটনেস ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টে প্রভাব পড়বে না।’
আগামী ৩ মে পিএসএল ফাইনাল খেলে শীঘ্রই দেশে ফিরবেন নাহিদ। বিসিবি জানিয়েছে, ফাইনাল শেষে ৮ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে খেলার জন্য প্রস্তুত থাকবেন তিনি।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘এক্স’-এ নিজের হ্যান্ডলে দেয়া এক পোস্টে জালমির চেয়ারপারসন জাভেদ লেখেন, ‘ধন্যবাদ তামিম ভাই, নাহিদকে একাদশ-তম পিএসএল ফাইনালে খেলার অনুমতি দেয়ার জন্য।’
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আগুনঝরা বোলিংয়ে সিরিজ সেরা ক্রিকেটার হয়েছেন নাহিদ। ৩ ম্যাচে ৮ উইকেট নেন এই ডানহাতি পেসার। এর আগে পেশোয়ারের হয়ে খেলে এসেছেন পিএসএলে। সেখানে ৪ ম্যাচে তার সংগ্রহ ছিল ৭ উইকেট।
যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর তাকে বিশ্রামে পাঠায় বিসিবি। রাখা হয়নি কিউইদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও।


