সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক এমপি আক্তারুজ্জামান ৩ দিনের রিমান্ডে

সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক এমপি আক্তারুজ্জামান ৩ দিনের রিমান্ডে
সাবেক সংসদ সদস্য ও সাবেক ভিপি আখতারুজ্জামানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য (এমপি) ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি আখতারুজ্জামানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগার থেকে আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়৷ পরে পুলিশ পাহারায় তাকে কাঠগড়ায় তোলা হয়। তার উপস্থিতিতে রিমান্ড শুনানি শুরু হয়।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন ও হারুন অর রশিদ রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষে মোরশেদ হোসেন শাহীম রিমান্ড বাতিল ও জামিন চান।

আরও পড়ুন

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, ৫ আগস্ট রাতে গুলশানের একটি বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মো. মাসুদুর রহমান তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ওইদিন তাকে কারাগারে পাঠানো হয়। একইসঙ্গে রিমান্ড শুনানির জন্য ১০ আগস্ট দিন ধার্য করে আদালত।

মামলার বিবরণে বলা হয়, গত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলে তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ রাষ্ট্রবিরোধী নানা কর্মকাণ্ড চালান। এ ঘটনায় পুলিশ মামলা করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad