এসএসসি পরীক্ষায় অকৃতকার্যের হার নিয়ে আলোচনা চলছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে। তবে ব্যতিক্রমী ফল করেছে ঢাকার সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ২৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৮৩ জন। পাসের হার ৯৯ দশমিক ৬৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭৩ জন, যা মোট পরীক্ষার্থীর ৬১ দশমিক ১৩ শতাংশ।
সোমবার প্রকাশিত প্রতিষ্ঠানটির ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ থেকে এসব তথ্য জানা গেছে।
সেন্ট গ্রেগরির বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনে ১৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১৭৯ জন পাস করেছে। এ বিভাগে পাসের হার ৯৯ দশমিক ৪৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১২০ জন, যা পরীক্ষার্থীদের ৬৭ দশমিক ৩ শতাংশ।
বিজ্ঞান বিভাগের ইংরেজি ভার্সনে অংশ নেওয়া ৬৯ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। এ বিভাগে পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন, অর্থাৎ ৭১ দশমিক ১ শতাংশ শিক্ষার্থী।
ব্যবসায় শিক্ষা বিভাগেও শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এ বিভাগে ৩৫ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৪ জন। জিপিএ-৫ পাওয়ার হার ১১ দশমিক ৪২ শতাংশ।
তিন বিভাগ মিলিয়ে প্রতিষ্ঠানটির ২৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র একজন অকৃতকার্য হয়েছে। ফলে সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৬৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৭৩ জন। এ ছাড়া ১০৮ জন শিক্ষার্থী জিপিএ-৪ বা তার বেশি পেয়েছে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রিবেইরো, সিএসসি বলেন, ‘আমাদের ধারাবাহিক সাফল্যের নেপথ্যে রয়েছে কঠোর শৃঙ্খলা, সুসংহত পাঠদান ও শিক্ষকদের নিরলস শ্রম। সেন্ট গ্রেগরি কেবল ভালো ফলাফল তৈরি করে না, বরং নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলে।’
তিনি ফলাফলের জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানান।


