বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত সুসম্পর্ক চায়। গণতান্ত্রিক দেশে অনেক বিষয়ই থাকতে পারে, তবে সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।
স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এর আগে সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বেলা ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর এটি প্রথম সাক্ষাৎ।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
গত এপ্রিল মাসে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে ঢাকায় ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। ২৫ জুন তিনি তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন। তার বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রণয় ভার্মা। বর্তমানে তিনি বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।


