এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ইংরেজি ও গণিত বিষয়ে তুলনামূলক বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এ কারণে চলতি বছরের এসএসসিতে পাসের হার কমেছে। গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ বোর্ডে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এবারে পাশের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। সেই হিসেবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ২ শতাংশ।
সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশের সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এসব তথ্য জানান।
ফল অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে ইংরেজিতে ৭৮ দশমিক ৪০ শতাংশ এবং গণিতে ৮২ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। রাজশাহী বোর্ডে ইংরেজিতে পাসের হার ৭৪ দশমিক ৭ শতাংশ এবং গণিতে ৭৭ দশমিক ১৭ শতাংশ। ইংরেজিতে ৭০ শতাংশ পাসের হার রয়েছে আরও চারটি বোর্ডে। এর মধ্যে যশোরে ইংরেজিতে পাস করেছে ৭১ দশমিক ৮৪ শতাংশ, চট্টগ্রামে ৭২ দশমিক ২৭ শতাংশ এবং মাদরাসা বোর্ডে ৭৯ দশমিক ২১ শতাংশ।
ইংরেজি বিষয়ে ৮০ শতাংশের ওপরে পাসের হার রয়েছে শুধুমাত্র কুমিল্লা ও কারিগরি শিক্ষা বোর্ডে। কুমিল্লা বোর্ডে ইংরেজিতে পাসের হার ৮১ দশমিক ২৯ শতাংশ এবং কারিগরিতে ৯৪ দশমিক ৭০ শতাংশ।
এ বিষয়ে ৭০ শতাংশের নিচে পাসের হার ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বোর্ডে। বরিশাল বোর্ডে ইংরেজিতে পাসের হার ৬৯ দশমিক ২৪ শতাংশ, সিলেটে ৬৯ দশমিক ১১ শতাংশ, ময়মনসিংহে ৬৯ দশমিক ৬১ শতাংশ। ময়মনসিংহ বোর্ডে ইংরেজিতে প্রতি ১০০ জনে ৩৩ জন ফেল করেছে।
অন্যদিকে, গণিতে ঢাকা ছাড়া ৮০ শতাংশের ওপরে পাস করেছে ঢাকা, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা। এ কারণে এ বোর্ডগুলোর পাসের হার তুলনামূলক ভালো। আবার গণিতে রাজশাহী ছাড়া আরও চার বোর্ডে পাসের হার ৭০ শতাংশের ঘরে। কারিগরি শিক্ষা বোর্ডে গণিতে পাস ৭০ দশমিক ৯২ শতাংশ, দিনাজপুরে ৭১ দশমিক ০৫ শতাংশ, সিলেটে ৭৫ দশমিক ৯৬ শতাংশ এবং বরিশালে ৭৭ দশমিক ৯৮ শতাংশ।
কিন্তু ময়মনসিংহ বোর্ডে গণিতে পাসের হারও কম। এ বোর্ডে গণিতে প্রতি ১০০ জনে ৩০ জন ফেল করেছে। এ ছাড়াও মাদরাসা বোর্ডেও গণিতে পাসের হার ৬৯ শতাংশের ঘরে।
অন্যান্য বছরের তুলনায় এসএসসিতে এবারে গড় পাসের হার কমলেও প্রতি বছরের মত চলতি বছরে এ পরীক্ষায় ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে খারাপ ফল করেনি শিক্ষার্থীরা। বরং এবার অধিকাংশ বোর্ডেই আইসিটিতে প্রায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে। রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও কারিগরি বোর্ডে এবার আইসিটিতে পাসের হার ৯৯ শতাংশের ওপরে।
আইসিটিতে ৯৮ শতাংশ পাস করেছে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও মাদ্রাসা বোর্ডে। আইসিটিতে এবার সর্বনিম্ন পাসের হার যশোর বোর্ডে, ৯৭ দশমিক ৮৬ শতাংশ।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন, উচ্চতর গণিতেও ভালো ফল দেখা গেছে। ১১টি বোর্ডের মধ্যে সাতটি বোর্ডে পদার্থে পাসের হার ৯০ শতাংশের ওপরে । বাকি তিনটি বোর্ডে তা ৮০ শতাংশের ঘরে। রসায়নেও আটটি বোর্ডে ৯০ শতাংশের ওপরে পাসের হার। বাকি তিনটিতে তা ৮২ শতাংশের ওপরে।
উচ্চতর গণিতেও সব বোর্ডে ৯০ শতাংশের ওপরে পাসের হার রয়েছে। ইতিহাস, অর্থনীতিতেও পাসের হার সন্তোষজনক। অপরদিকে হিসাববিজ্ঞানেও অধিকাংশ বোর্ডে পাসের হার ৮০ শতাংশ।


