আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি সংসদীয় আসনে বিএনপি প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব আসনের নির্বাচনী ফলাফলের চূড়ান্ত গেজেট প্রকাশ স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ফুল বেঞ্চ এক আদেশে জানান, চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর নির্বাচনে অংশ নিতে পারবেন। একই সঙ্গে শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ক্ষেত্রেও নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনগত বাধা নেই বলে উল্লেখ করা হয়।
তবে আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে, সংশ্লিষ্ট আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব আসনের নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করতে পারবে না নির্বাচন কমিশন।
চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে করা যমুনা ব্যাংকের লিভ টু আপিল মঞ্জুরের বিষয়ে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমাদের পক্ষে লিভ মঞ্জুর হয়েছে এবং আদালত বলেছে, নির্বাচন চলবে, কিন্তু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল স্থগিত থাকবে। রেজাল্ট প্রকাশ হবে না।’
এর আগে ঋণখেলাপির অভিযোগের মুখে থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করলে যমুনা ব্যাংক রিট করে। হাইকোর্ট রিট খারিজ করে দিলে ব্যাংক কর্তৃপক্ষ পরে আপিল বিভাগে যায়।
এদিকে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের আইনজীবী ইসমাইল গণি টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘আপিল বিভাগের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ফুল বেঞ্চ আমাদের করা আপিল গ্রহণ করেছেন।’ তিনি আরও বলেন, চূড়ান্ত আপিল শুনানি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন ওই আসনের নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করতে পারবে না।
আইনজীবী ইসমাইল গণি জানান, এ-সংক্রান্ত আপিলের চূড়ান্ত শুনানির জন্য আগামী ২৮ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।
এর আগে সোমবার চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের আইনজীবীরা আপিল বিভাগের শুনানিতে অংশ নেন। মঙ্গলবার অধ্যক্ষ নুরুল আমিনের আইনজীবীদের শুনানির পর আপিল বিভাগ এই আদেশ দেন।


