শরীফুল ইসলামের হাত ধরে প্রথম সাফল্য, এরপর মিডল ওভারে রিশাদ হোসেন-মেহেদী হাসান মিরাজদের ঘূর্ণি জাদু আর শেষদিকে তাসকিন আহমেদের চেপে ধরা স্পেল। তবে সব সামলে শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হেনরি নিকোলস-ডিন ফক্সক্রফটের জোড়া ফিফটিতে ৮ উইকেটে ২৪৭ রান করেছে নিউজিল্যান্ড। ৫০ ওভার শেষে দুটি করে উইকেট নিয়েছেন শরীফুল, তাসকিন ও রিশাদ।
মিরপুরের খানিকটা ধরে আসা উইকেটে টসে জিতে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লের মধ্যেই ওপেনার নিক ক্যালিকে হারায় কিউইরা। ১৬ মাস পর ওয়ানডেতে ফেরা শরীফুলের দারুণ এক ইনসুইঙ্গার স্টাম্পে টেনে বোল্ড হয়েছেন এই বাঁহাতি পেসার। মোস্তাফিজুর রহমানের শেষ মুহূর্তের চোটে একাদশে জায়গা পাওয়া শরীফুল এরপর পেয়েছেন মুহাম্মদ আব্বাসের উইকেটও। অফস্টাম্পের বাইরে পিচ করিয়ে বাইরে নেয়া বলে খোঁচা মেরে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন এই ডানহাতি ব্যাটার। কেবল দুই উইকেট পেলেও তপ্ত রোদের নিচে কিউই ব্যাটারদের কঠিন পরীক্ষা নিয়ে শরীফুল নিজের ১০ ওভার শেষ করেছেন মাত্র ২৭ রান দিয়ে। দুই মেইডেন ওভার-সহ ডট আদায় করেছেন ৪২টি।
ইনিংসের সপ্তম ওভারে ওপেনার ক্যালিকে হারালেও হেনরি নিকোলস ও উইল ইয়াংয়ের ৭৩ রানের জুটিতে শুরুর সেই ধাক্কা সামলেও ওঠে কিউইরা। এরপর মিডল ওভারে রিশাদ নেন দুই উইকেট। ইনিংসের ২২তম ওভারের দ্বিতীয় বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে রিশাদকে উইকেট দেন ইয়াং। ৪২ বলে ৩০ রান করেন এই ডানহাতি ব্যাটার। ১৭তম ফিফটি করা নিকোলসও ফিরেছেন রিশাদের বলে, একইভাবে রিভার্স সুইপ করে। ৮৩ বলে ৬৮ রান করেন এই বাঁহাতি ব্যাটার। মাঝে অধিনায়ক টম ল্যাথাম বোল্ড হয়েছেন মিরাজের নিচু হয়ে আসা বলে।
১৬৫ রানে প্রথম পাঁচ ব্যাটারকে হারানোর পর হাল ধরেন ফক্সক্রফট। নাহিদ রানার বলে বোল্ড হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৫৯ রানের ইনিংস। তার এই ফিফটিতেই ২৫০ ছোঁয়া সংগ্রহ পায় নিউজিল্যান্ড। নাহিদ অবশ্য দিনের ইনিংসের সবচেয়ে খরুচে বোলার। ১০ ওভারে ৬৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। তাসকিন ২ উইকেট পেয়েছেন ডেথ ওভারে। ৪২তম ওভারে ক্লার্কসনকে বোল্ড করেছেন ইন কাটারে, ব্লেয়ার টিকনারও ফিরেছেন তার বলে স্টাম্প খুইয়ে।


