রাজধানীর তুরাগের মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় ছিনতাইকারী অটোরিকশায় থাকা এক নারীর ব্যাগ ধরে টান দিলে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। ভুক্তভোগী নারীর নাম মুক্তা আক্তার (২১)।
বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
নিহত মুক্তার স্বামী লিমন হোসেন বলেন, ‘আমার স্ত্রী আজ সকাল সাড়ে ৯টার দিকে মার্কেট করে অটোরিকশায় বাসায় ফিরছিলেন। পথে তুরাগের মেট্রো রেলসংলগ্ন এলাকায় ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দেয়। এতে সে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে অন্য আরেকটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ‘আমাদের গ্রামের বাড়ি রাজশাহী জেলা গোদাগাড়ী থানা ফরহাদপুর গ্রামে। আমরা বর্তমানে দক্ষিণখানের হায়দ্রাবাদ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতাম।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


