সিলেট টেস্টে বিনা উইকেটে ২১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা পাকিস্তানের টপ অর্ডার ধসে গেছে তাসকিন আহমেদের তোপে। দিনের প্রথম ঘণ্টার মধ্যেই তাসকিনের জোড়া আঘাতে ফিরেছেন দুই ওপেনার। অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের স্পিনে মাঠ ছাড়তে হয়েছে শান মাসুদ আর সৌদ শাকিলকে। ৪ উইকেটে ৯৬ রান নিয়ে লাঞ্চ ব্রেকে গেছে পাকিস্তান। বাংলাদেশ এখনো এগিয়ে আছে ১৮২ রানে।
লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশের করা ২৭৮ রানের জবাব দিতে নেমে প্রথম দিনের শেষ সেশনে ব্যাট করার পর ২৫৭ রানে পিছিয়ে থাকে পাকিস্তান। দ্বিতীয় দিনের সকালের সেশনে দ্বিতীয় ওভারেই তাসকিনের বলে লিটন দাসের হাতে ক্যাচ দেন আবদুল্লাহ ফজল। ২১ বলে ৯ রান করেন এই বাঁহাতি ওপেনার। মিরপুর টেস্টে সেঞ্চুরি করা আজান আওয়াইস ফিরেছেন এক ওভার পরে। তাসকিনের ইনসুইঙ্গার সোজা ব্যাট খেলতে গিয়ে বল ব্যাটের কানা ছুঁয়ে উড়ে যায় শর্ট লেগে মুমিনুল হকের হাতে।
২৩ রানে দুই উইকেট হারানো পাকিস্তানের বিপদ আরো বাড়ে শাকিলের সাথে ৩৮ রানের জুটি গড়া অধিনায়ক শানের বিদায়ে। ইনিংসের ১৭-তম ওভারে মিরাজের শর্ট লেংথের বল কভারে খেলতে গিয়ে বদলি ফিল্ডার নাঈম হাসানের হাতে ক্যাচ দেন এই বাঁহাতি ব্যাটার। যে লেন্থে পেয়েছিলেন তাতে অনায়াসে যেকোনো দিকে খেলতে পারতেন। কিন্তু শর্ট কভারে ক্যাচ দেয়ার পর নিজেই যেন বিশ্বাস করতে পা২২৫রছিলেন না ২৬ বলে ২১ রান করা পাকিস্তানি অধিনায়ক।
মিরাজের পরের ধাক্কায় ফিরেছেন শাকিলও। ২৫-তম ওভারে এই বাঁহাতি ব্যাটার মিরাজকে সুইপ করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন। হাঁটু গেঁড়ে খেলা সুইপের পর বল লাগে ব্যাটের গোঁড়ায়। সহজ ক্যাচে তাকে ফেরান লিটন।
টপ অর্ডারের এই ধসের সকালে এক প্রান্ত আগলে আছেন বাবর আজম। চার নম্বরে নামা এই ডানহাতি ব্যাটার অপরাজিত আছেন ৫৮ বলে ৩৭ রানে।


