১ উইকেটে ১৭৯ রান নিয়ে মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর করা পাকিস্তান প্রথম সেশন শেষ করতে করতে হারিয়েছে আরো ৪ উইকেট। মেহেদী হাসান মিরাজের স্পিন ঘূর্ণির সাথে তাসকিন আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৫১ রানে ৫ উইকেট হারিয়ে লাঞ্চ ব্রেকে গেছে পাকিস্তান। এখনো ১৬২ রানে পিছিয়ে আছে বাংলাদেশের চেয়ে।
৮৫ রানে অপরাজিত থেকে দিন শুরু করা অভিষিক্ত আজান আওয়াইস ছুঁয়েছেন নিজের প্রথম সেঞ্চুরি। অবশ্য সেঞ্চুরির পর বেশি দূর যেতে পারেননি এই বাঁহাতি ওপেনার। তাসকিন দিনের প্রথম সাফল্য আনেন ১০৩ রান করা আজানকে ফিরিয়েই। জায়গায় দাঁড়িয়ে শট খেলতে চেয়ে স্লিপে ক্যাচ দেন তিনি অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে। ভাঙে দ্বিতীয় উইকেটে আজান-ফজলের ১০৪ রানের জুটি।
পরের সাফল্য পেতেও খুব বেশি অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। তাসকিনের করা অফস্টাম্পের বাইরের ফুল লেন্থ বলে ড্রাইভ করে পয়েন্টে সাদমান ইসলামের হাতে ক্যাচ্চ দেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ১৭ বলে ৯ রান করে ফিরে যান এই বাঁহাতি ব্যাটার। আরো একটা উইকেট থেকে বঞ্চিত হয়েছেন তাসকিন।
৬৫-তম ওভারে তাসকিনের ব্যাক অফ আ লেন্থ থেকে লাফিয়ে ওঠা দুর্দান্ত ডেলিভারিতে ব্যাট ছুঁইয়ে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দেন সালমান আলী আগা, পুরো দল এসে মাতে উদযাপনে। সালমানও ধরেছিলেন ড্রেসিংরুমের পথ। কিন্তু মাঝপথেই ফিরে আসতে হয় তাকে, আম্পায়ার কুমার ধর্মসেনা জানান, নো বল হয়েছে সেটা। রানের খাতা খোলার আগেই জীবন পেয়েছেন সালমান।
তাসকিনের ওভারস্টেপিং নো বলের সেই হতাশা থেকে দলকে মুক্তি দিয়েছেন মিরাজ। আগের দিন ইমাম-উল-হকের উইকেট নেয়া এই অফ স্পিনার একইভাবে ফিরিয়েছেন সৌদ শাকিলকে। টার্নে পরাস্ত হয়ে বলের লাইন মিস করেন এই বাঁহাতি, সোজা বল লাগে প্যাডে। অনফিল্ড আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন শাকিল, রিপ্লেতেও সিদ্ধান্ত আসে আউটেরই।
দুই ওভার পর মিরাজের তৃতীয় শিকার হয়েছেন ফিফটি করা অভিষিক্ত আরেক ব্যাটার আবদুল্লাহ ফজল। ইনিংসের ৬৪-তম ওভারে মিরাজকে উড়িয়ে মারতে গিয়ে মিড অনে তাইজুল ইসলামের হাতে ক্যাচ দেন এই বাঁহাতি। ১২০ বলে ৬০ রান করেন তিনি।


