ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিতে সহায়তা করতে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে ‘ইন্ডাস্ট্রি কোলাবরেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট কমিটি’ (আইসিইসি)।
সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, একাডেমিক শিক্ষা ও পেশাগত দক্ষতার মধ্যে সেতুবন্ধন গড়তে কমিটি চালু করেছে ‘ইফেক্টিভ প্রফেশনাল কমিউনিকেশন’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কোর্স। বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি) এবং শিক্ষার্থীদের প্রচার ও সহায়তা ইউনিট (এসপিএসিউ) এর যৌথ সহযোগিতায় এই কোর্সটি পরিচালিত হবে।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার আধুনিকায়ন, শিল্প সংযোগ জোরদারকরণ এবং শিক্ষার্থীদের কর্মদক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধি করতেই আইসিইসি কমিটি প্রতিষ্ঠা করা হয়। শিক্ষার্থীদের বর্তমান বিশ্বের পেশাগত চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে গড়ে তুলতে সহায়তা করাই এ কোর্সের মূল লক্ষ্য।
এতে মৌখিক ও লিখিত যোগাযোগের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে কার্যকর যোগাযোগের কৌশল শেখানো হবে। পাশাপাশি থাকবে প্রফেশনাল ইমেইল লেখা, সিভি ও কাভার লেটার প্রস্তুত করা, প্রেজেন্টেশনের সময় আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উপস্থাপন করার প্রশিক্ষণ।
এছাড়া দলগত কাজ, সমস্যা সমাধান ও সমন্বয়মূলক দক্ষতা বৃদ্ধির জন্য থাকছে বিভিন্ন প্রায়োগিক সেশন। এসবের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জীবনে পেশাগত পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবে।
কমিটি বলছে, এই উদ্যোগ শুধুমাত্র একটি কোর্স নয়, বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থান ও উদ্যোক্তা হয়ে ওঠার পথে এগিয়ে নেওয়ার বৃহত্তর প্রচেষ্টার অংশ।
বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিভাগের চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা এই কোর্সে আবেদন করতে পারবে। কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে নিচের লিঙ্কে—
https://du.ac.bd/du_post_details/notice/25649


