বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন, আইফোনের খুচরা যন্ত্রাংশ, বিদেশি মদ ও নগদ অর্থসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বুধবার ঢাকার উত্তরা ও খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার চীনা নাগরিকরা হলেন- তান জিয়ান, উ জুন ও ডং হংওয়েই।
ডিবি মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে গোপন সূত্রের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টর এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। ডিবি মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ী চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম ওই বাসা থেকে চীনা নাগরিক তান জিয়ানকে ৫৮টি আইফোনসহ গ্রেপ্তার করে।
পরে একই দিন বিকাল সাড়ে পাঁচটার দিকে খিলক্ষেত থানার নিকুঞ্জ-১ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে উ জুন ও ডং হংওয়েইকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে আরও ৩০৫টি আইফোন, আইফোনের খুচরা যন্ত্রাংশ, নগদ ২৬ হাজার টাকা ও আট বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দামি ব্রান্ডের মোবাইল ফোনের খুচরা যন্ত্রাংশ নানা উপায়ে বাংলাদেশে নিয়ে আসেন এবং পরে তা সংযুক্ত করে স্থানীয় খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন।
এই চক্রের সাথে স্থানীয় কিছু অসাধু মোবাইল ফোন ব্যবসায়ীরাও জড়িত রয়েছেন অভিযোগ করে পুলিশ জানায়, তাদেরও শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় ডিবি পুলিশ।


