মেহেরপুরে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার ভোরে মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তির নাম বিল্লাল হোসেন।
সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেজর এম এ এন রওশন আলমের নেতৃত্বে মুজিবনগরের যতারপুর গ্রামের বিল্লালের (৪২) বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার ঘর থেকে একটি ৭ দশমিক ৬৫ মি. মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আটকের পর তাকে মুজিবননগর থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, আটক বিল্লাল একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চোরাচালান, মানি লন্ডারিং, অনলাইন বেটিং, ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন একটি মামলা দায়ের করা হবে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।


