কুমিল্লায় দের মাসে কিশোর গ্যাংবিরোধী অভিযানে প্রায় সাত হাজার জনকে আটক করেছে পুলিশ। মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযানে বুধবার রাতেও ২৯৯ জনকে আটক করা হয়েছে। এদিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানার পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা একযোগে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানিয়েছে, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত, মাদক কারবার ও ছিনতাইপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততার বিষয়ে যাচাই-বাছাই শেষে ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি ১৪০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ অভিযানে ৪ নভেম্বর পর্যন্ত মোট ৬ হাজার ৮৫৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩ হাজার ৯৬৪ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২ হাজার ৮৯৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, ন নিয়মিত এ অভিযান পরিচালিত হচ্ছে। উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়টি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কিশোর অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: কিশোর গ্যাংবিরোধী অভিযান: ‘কেউ চাপ দিলে নাম প্রকাশ করে দেব’


