রাজধানীর তেজগাঁও, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রুবেল (৩৫), সাব্বির আহমেদ ওরফে সামির (২৫) এবং রবিন ওরফে ইসকে রবিন ওরফে রনি (২৫)।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তেজগাঁওয়ের কাওরান বাজার মোড়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে রুবেলকে গ্রেপ্তার করে এসআরইউর ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল।
এর আগে রাত ৩টার দিকে মোহাম্মদপুরের শিশু মেলার বিপরীতে ফুট ওভারব্রিজের নিচে ছিনতাইকালে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। পরে রুবেলকে তেজগাঁও থানা পুলিশ ও সাব্বিরকে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় ছিনতাইকালে রবিনকে হাতেনাতে গ্রেপ্তার করে এসআরইউর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ছিনতাই প্রতিরোধ দল। এ সময় তার কাছ থেকে একটি ভিভো মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রবিনের বিরুদ্ধে শ্যামপুর থানায় ছিনতাই, চুরি, ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয়টি মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


