রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, তিনটি মোটরসাইকেল, আটটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৭ জন, লালবাগে ৪২ জন, ওয়ারীতে ৯৪ জন, মতিঝিলে ৮৫ জন, তেজগাঁওয়ে ৯০ জন, মিরপুরে ১৪১ জন, গুলশানে ৪৬ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।
অভিযানে ১৫০ গ্রাম গাঁজা, ২ হাজার ৫৩৯ পিস ইয়াবা ও ১ দশমিক ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া তিনটি মোটরসাইকেল, আটটি মোবাইল ফোন, নগদ ১ হাজার ৫০০ টাকা এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।


