ঢাকার উত্তরায় ফুটপাত উচ্ছেদ অভিযানের সময় ঘুষ নেওয়ার অভিযোগ তুলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমাকে ঘিরে ধরে শারীরিকভাবে হেনস্তা করেছেন স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা।
পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে ওই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
ব্যবসায়ীদের অভিযোগ, দুপুরে জসিমউদ্দিন সড়কের পাকার মাথা এলাকায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু করেন অতীশ দর্শী চাকমা।
অভিযান চলাকালে জরিমানা কমিয়ে দেওয়ার কথা বলে ম্যাজিস্ট্রেটের এক সহযোগী এক দোকানির কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নিয়েছেন বলে দাবি করেন কয়েকজন ভ্রাম্যমাণ ব্যবসায়ী। পরবর্তীকালে সেই টাকা তার কাছ থেকে পাওয়া গেছে বলেও তারা দাবি জানান।
এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধরেন এবং শারীরিকভাবে হেনস্তা করেন।
খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করে সেখান থেকে সরিয়ে নেয়।
থানার ওসি খালিদ মনসুর জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফুটপাতে উচ্ছেদ অভিযানে গিয়ে কয়েকজনকে জরিমানা করেন। সেখানে অসন্তোষের জেরে হট্টগোলের সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


