জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
শাহরিয়ার জামান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামানকে (৪০) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে।

আহত শাহরিয়ারকে স্থানীয়রা উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আখতারুজ্জামান জানান, সন্ধ্যায় তার ছেলে শাহরিয়ার গচিহাটা বাজারে গিয়েছিলেন। এ সময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাকে ছুরিকাঘাত করে। আখতারুজ্জামান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ঘটনার বিস্তারিত খোঁজ নিয়ে জানাবেন বলে জানান তিনি।

আরও পড়ুন

এ বিষয়ে কটিয়াদী থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আখতারুজ্জামান কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ ও ১৯৯৬ সালে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছরের ১৩ ডিসেম্বর জামায়াতে ইসলামীতে যোগ দেন আখতারুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা গেছে, আখতারুজ্জামানের গ্রামের বাড়ি গচিহাটা গ্রামে। সেখানে তাদের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। শাহরিয়ার জামান বেশির ভাগ সময় গ্রামে থাকেন এবং পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতির সঙ্গে যুক্ত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে দলটির মনোনয়ন চেয়েও পাননি তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad