ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে ডিনস অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের তিন বছরের (২০২১, ২০২২ ও ২০২৩) এবং শিক্ষকদের পাঁচ বছরের (২০২১-২০২৫) ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়।
অনুষদের পাঁচটি বিভাগের মোট ৪৪ জন শিক্ষার্থী এবং দেশে-বিদেশে প্রকাশিত গবেষণাগ্রন্থ ও স্বীকৃত জার্নালে প্রকাশিত মৌলিক প্রবন্ধের জন্য ৩০ জন শিক্ষক এই সম্মাননা পান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক উপমা কবির। প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা ও কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।
অনুষ্ঠানে ডিনস অ্যাওয়ার্ড স্পিকার হিসেবে বক্তব্য দেন সোনালী ব্যাগের উদ্ভাবক ও বাংলাদেশ পাটকল করপোরেশনের প্রাক্তন বৈজ্ঞানিক উপদেষ্টা বিজ্ঞানী মোবারক আহমেদ খান। বিভাগীয় চেয়ারম্যানরা শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন, আর শিক্ষকদের নাম ঘোষণা করেন ডিন অধ্যাপক উপমা কবির।
অনুষ্ঠানটি জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়, এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউট পরিচালক, প্রাধ্যক্ষ, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘মেধাকে মূল্যায়ন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। একই সঙ্গে অভিভাবকদেরও সঙ্গে রাখতে পেরেছি, কারণ তারাও এই অর্জনের অংশ।’
তিনি আরও বলেন, ‘মেধার অন্যতম ভিত্তি হলো পরিশ্রম। সাফল্যের পেছনে অনেকের অবদান থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের যে পরম্পরা, তোমরা তা ধরে রেখেছো—এটাই আমাদের গর্ব। তবে অহংকার যেন কখনো আমাদের আচ্ছন্ন না করে।’
উপাচার্য বলেন, ‘সীমাবদ্ধতার মধ্যেও এ আয়োজনে পড়াশোনাকে কিছুটা হলেও স্বীকৃতি দেওয়া গেছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘পড়াশোনার পাশাপাশি পরিবারকে সময় দেওয়াও গুরুত্বপূর্ণ। পরিবার ও শিক্ষাজীবনের ভারসাম্যই ভবিষ্যৎকে আরও সমৃদ্ধ করবে।’


