ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফকে মেয়র প্রার্থী করা হয়েছে।
সোমবার বিকালে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় দলের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
সভায় তিনি বলেন, সারা দেশে অনুষ্ঠেয় স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে অংশ নেবে এবং কোনো জোটে যাবে না।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, মুখপাত্র গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব ফজলে বারী মাসউদ ও আশরাফুল আলম, সহকারী মহাসচিব আহমাদ আবদুল কাইয়ুম এবং সহপ্রচার সম্পাদক শরীয়াতুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা।

