ফরিদপুরের সদরপুরে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে বিপ্লব মাতুব্বর (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ভুক্তভোগী নারীর ফোনের পর পুলিশ তাকে উদ্ধার করে, একই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ৪২ বছর বয়সী ওই নারী রাতে নিজ বাড়িতে একা ছিলেন। সুযোগ বুঝে তার মেয়ের স্বামী বিপ্লব ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন।
ঘটনার পর ভুক্তভোগী নারী আতঙ্কিত অবস্থায় ৯৯৯-এ ফোন করে সাহায্য চান। সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল হক পুলিশ সদস্যদের নিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেন। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন শাহ্ জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ভুক্তভোগীর চিকিৎসা, ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
ওসি আরও বলেন, ‘প্রাথমিক তদন্ত শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’


