মোস্তাফিজ ইস্যু: আসিফ নজরুল-ফারুকীর অসন্তোষ

মোস্তাফিজ ইস্যু: আসিফ নজরুল-ফারুকীর অসন্তোষ
আসিফ নজরুল ও মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএলের ২০২৬ আসর থেকে বাদ দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তারা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এমন সিদ্ধান্তকে ন্যক্কারজনক অভিহিত করে এর বিরূদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন।

ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

একইসঙ্গে পোস্টে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে তিনি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধেরও অনুরোধ জানান।

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ায় আগামী মার্চ-মে মাসে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন ক্রীড়া উপদেষ্টা। বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশের কলকাতায় তিনটি ও মুম্বাইয়ে একটি ম্যাচ খেলার কথা রয়েছে।

আরও পড়ুন

এসব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার কথা জানিয়ে আসিফ নজরুল লিখেছেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে) বলেছি, তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে।

বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।’

অন্যদিকে, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়াকে ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনার যোগসূত্র বলে সন্দেহ প্রকাশ করেছেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আপনারা জানেন গত কিছুদিন ধরে ভারতে সংখ্যালঘু মানুষের ওপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে উদ্বেগ জানিয়েছে। এই ঘটনাও একই মোটিভ দ্বারা প্রভাবিত কি না, সেটা নিশ্চয়ই সংশ্লিষ্ট মহল খতিয়ে দেখবে। ভবিষ্যতে আমাদের ক্রিকেট বা ফুটবল টিম সেখানে কতটা নিরাপদ, এটাও দেখা হবে নিশ্চয়ই।’

এর আগে, শনিবার বিসিসিআই মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিলে কেকেআর তা কার্যকর করে। গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে এই বাংলাদেশি পেসারকে ৯ কোটি ২০ লাখ রুপি দামে কিনেছিল কেকেআর।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর