মুস্তাফিজ ইস্যু এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার রাতে ১৭ পরিচালনের উপস্থিতিতে বিসিবির একটি জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এই বৈঠক আহ্বান করা হয়। সেখানেই উঠে আসে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন।
যদিও বিসিবি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি, তবে বোর্ডের বেশ কয়েকটি সূত্র জানিয়েছে যে চিঠিতে তিনটি মূল বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রথমত, চিঠিতে জানতে চাওয়া হবে যে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের সামগ্রিক নিরাপত্তা আইসিসি কীভাবে নিশ্চিত করবে।
কারণ গ্রুপ পর্বের সব ম্যাচ ভারতেই খেলার কথা রয়েছে বাংলাদেশের।
দ্বিতীয়ত, বর্তমান পরিস্থিতির উদ্ভব কীভাবে হলো সে বিষয়ে ব্যাখ্যা চাইবে বিসিবি। বিশেষ করে মুস্তাফিজকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের আক্রমণাত্মক মন্তব্য এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কী ব্যবস্থা নেওয়া হবে, তা জানতে চাওয়া হবে।
এসব উদ্বেগের কথা মাথায় রেখে, বিসিবি আইসিসির কাছে বোর্ড কর্মকর্তা, টিম ম্যানেজমেন্টের সদস্য, সমর্থক এবং সাংবাদিকদের নিরাপত্তার বিষয়েও তাদের অবস্থান পরিষ্কার করতে বলবে।
এর আগে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন, মুস্তাফিজের দল থেকে বাদ পড়া এবং বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে বিসিসিআইয়ের আনুষ্ঠানিক যোগাযোগের জন্য বোর্ড অপেক্ষা করবে।
সিলেটে বিসিবির আঞ্চলিক কার্যালয় উদ্বোধনের পর এক প্রশ্নোত্তর পর্বে বুলবুল বলেছিলেন, ‘মূল বিষয় হলো এই মুহূর্তে আমাদের প্রতিপক্ষ বিসিসিআই এবং আমরা খেলি আইসিসির তত্ত্বাবধানে। আমরা জানি মুস্তাফিজের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার কথা ছিল, কিন্তু আমরা এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা তথ্য পাইনি। তথ্য পেলে আমরা আপনাদের জানাব।’
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি এবং নেপাল। প্রথম তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে ৭, ৯ এবং ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ম্যাচের মাধ্যমে গ্রুপ পর্ব শেষ করবে বাংলাদেশ।


