খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে মহানগরীর লবণচরা থানার আশি বিঘা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও তিন ব্যক্তিকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
নিহত মঞ্জুরুল ইসলাম লবণচরা এলাকার খোকনের ছেলে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, আর্থিক অনটনের কারণে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার পর মঞ্জুরুল বাবার সঙ্গে সেন্টারিংয়ের কাজ করতেন। বুধবার তিনি কাজে যাননি। শান্ত স্বভাবের হিসেবে পরিচিত মঞ্জুরুলের সঙ্গে কারও কোনো পূর্বশত্রুতা ছিল না বলে দাবি স্বজনদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে আশিবিঘা এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, আশিবিঘা এলাকার একটি মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।


