কানাডায় স্থানীয় সময় বুধবার ঈদুল আজহা উদযাপিত হবে। দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের মুসল্লিদের পাশাপাশি বিপুলসংখ্যক প্রবাসী বাঙালিও এদিন একযোগে ঈদের নামাজ আদায় করবেন। ক্যালগেরি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঈদের জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সকাল ৭টায় ক্যালগেরির আকরাম জুমা মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এরপর একই মসজিদে দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এই জামাতগুলোতে ইমামতি করবেন মুসলিম কাউন্সিল অব ক্যালগেরির জ্যেষ্ঠ ইমাম শেখ জামাল হামমৌদ এবং শেখ ইউসুফ ট্রায়া।
এদিকে বাংলাদেশ কমিউনিটির নিজস্ব মসজিদ ‘বিএমআইসিসি’তেও বিশেষ ব্যবস্থাপনায় ঈদের নামাজের আয়োজন করা হয়েছে। সেখানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
অন্যান্য বছরের মতো এবারও সকাল থেকে মুসল্লিরা এখানে নামাজ আদায়ের জন্য জড়ো হবেন। বিএমআইসিসি মসজিদে নারীদের জন্য আলাদাভাবে নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া, বিভিন্ন দেশের মুসলিম নাগরিকেরা নিজ নিজ কমিউনিটির উদ্যোগেও সকাল থেকে ঈদের নামাজ আদায় করবেন।
কানাডায় এবারের ঈদের দিনটি কর্মদিবস হওয়ায় অনেক চাকরিজীবী ভোরেই ঈদের নামাজ শেষ করে অফিসের উদ্দেশে রওনা হবেন। আবার অনেকে কোরবানি দেওয়ার জন্য শহরের অদূরে নির্ধারিত খামারগুলোতে যাবেন।
কানাডার আইন অনুযায়ী নির্দিষ্ট ও অনুমোদিত স্থান ছাড়া খোলা জায়গায় কোরবানি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।


