নীলফামারীর ডিমলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা আপন চাচাতো বোন।
রোববার দুপুরে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের একটি পুকুরে এ ঘটনা ঘটে।
মৃত শিশু দুটি উত্তর সোনাখুলী গ্রামের বাসিন্দা রবিয়াল ইসলাম ও আউয়াল হোসেনের মেয়ে। তাদের বয়স আনুমানিক তিন ও পাঁচ বছর।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুর ৩টার দিকে বাড়ির পাশে খেলা করছিল শিশু দুটি। একপর্যায়ে তারা সবার অগোচরে পাশের একটি পুকুরে গোসল করতে নামে। কিন্তু সাঁতার না জানায় একপর্যায়ে দুইজনেই গভীর পানিতে তলিয়ে যায়। বেশ কিছু সময় ধরে শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভেসে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একই বাড়ির দুই ভাইয়ের দুটি অবুঝ শিশুকন্যার এমন অকাল মৃত্যুতে এলাকায় স্তব্ধতা নেমে এসেছে।


