পদ্মা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ছয়জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। কুষ্টিয়ার কুমারখালীর কল্যাণপুর ও মাজগ্রাম এলাকায় এক অভিযান পরিচালনার সময় তাদেরকে আটক করা হয়।
এ সময় পরিবেশ সংরক্ষণ আইনে প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্রাট হোসেন নামে একজনের প্রভাবে এই এলাকায় বালু উত্তোলন করা হচ্ছে। প্রতি ফিট বালু মান ও আকার ভেদে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি করা হয়।
এ বিষয়ে সম্রাট হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। বলেন, ‘বকুল নামের এক যুবদল নেতা পদ্মার এ বালুমহল ইজারা নিয়েছেন। আমি তার কাছ থেকে কিনে বালু বিক্রি করি।’
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।


