রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের অভিযোগ দ্রুত, স্বচ্ছতা ও গুরুত্বের সঙ্গে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন তেজগাঁও থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামো এবং সাধারণ নাগরিকদের পুলিশি সেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় থানায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি থানা ভবনের বিভিন্ন ফ্লোরে থাকা পুলিশ কর্মকর্তাদের প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, তদন্ত কর্মকর্তাদের অফিস, হাজতখানা, পুলিশ সদস্যদের আবাসিক ব্যারাক ও ডাইনিং স্পেস (মেস) ঘুরে দেখেন।
ব্যারাক পরিদর্শনের সময় পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, মেসের খাবারের মান ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি থানায় কর্মরত পুলিশ সদস্যদের নাইট ডিউটি ও শিফটিং ডিউটির সময়সূচি এবং কর্মপরিবেশ সম্পর্কেও খোঁজখবর নেন।
পরিদর্শনকালে থানায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গেও সরাসরি কথা বলেন সালাহউদ্দিন আহমদ। জিডি বা অভিযোগ জমা দিতে আসা ভুক্তভোগীদের সমস্যার কথা শোনেন তিনি। পরে তাদের অভিযোগ দ্রুততম সময়ে এবং স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তির জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের মূল কাজই হলো জনগণের সুরক্ষা ও সেবা দেওয়া। থানাকে প্রতিটি মানুষের আস্থা ও ভরসাস্থল হতে হবে।’ নাগরিকরা যেন নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে থানায় এসে কোনো মাধ্যম ছাড়াই নিজেদের সমস্যা সরাসরি জানাতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


