চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেল, আলকাতরা ও একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৭ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকার মাইনউদ্দিনের ছেলে মো. রাসেল, একই এলাকার দুলাল হোসেনের ছেলে মো. জহির, কক্সবাজার জেলার কুতুবদিয়া উত্তর ধুরুম এলাকার নুরুল হকের ছেলে দেলোয়ার হোসেন, চকরিয়া উপজেলার শান্তি বাজার এলাকার মো. চাঁদ মিয়ার ছেলে মো. জাকির হোসেন, চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকার মো. আক্কাস, চট্টগ্রাম বোর্ডবাজার থানার চরলক্ষ্য এলাকার মো. জকিরের ছেলে মো. জাবের, ভোলা জেলার মনপুরা উপজেলার দক্ষিণ সাগুচিয়া এলাকার বাসু মিয়ার ছেলে মো. জসিম।
সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ৩টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
তিনি আরও বলেন, অভিযান চলাকালে সন্দেহজনক একটি আর্টিসানাল ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৪৮ লাখ টাকা মূল্যের ১ হাজার ৬০০ লিটার ডিজেল, ৩ হাজার ৩০০ কেজি আলকাতরা ও ৪টি ডিজেল ইঞ্জিন জব্দ করা হয়। এ সময় ৭ জন পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত মালামাল, ট্রলিং বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’


