জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সরকারকে সতর্ক করে বলেছেন, বিরোধীদের চলমান আট দফা দাবি যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।
শনিবার সকালে রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢাকা-রংপুর অভিমুখী লং মার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘দাবি এখন আট দফায় আছে। প্রয়োজন ও পরিস্থিতির কারণে এটি নয় বা দশ দফাও হতে পারে। আবার দেশের স্বার্থে যেকোনো সময় তা এক দফায়ও নেমে আসতে পারে।’
আট দফা দাবি এক দফায় পরিণত হলে পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়ে উঠতে পারে বলে সরকারকে সতর্ক করেন তিনি। সাম্প্রতিক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সেই পরিস্থিতি তৈরির আগেই জনগণের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত আমির।
তিনি বলেন, ‘জনগণের দাবি উপেক্ষা করে চাপ বা হুমকির মাধ্যমে আমাদের আন্দোলন থামানোর চেষ্টা সফল হবে না।’

গত ৫ সেপ্টেম্বর ১১ দলীয় জোটের চট্টগ্রাম অভিমুখী লং মার্চের পরবর্তী প্রতিক্রিয়ার প্রসঙ্গ টেনে জামায়াতের আমির বলেন, ‘ওই কর্মসূচির সাফল্যে অনেকের মাথা গরম হয়ে গেছে। গত দুই দিনে ঢাকায় তার লক্ষণও দেখা গেছে।’
এতে হতাশ না হয়ে সংশ্লিষ্ট সবাইকে জনগণের দাবির প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান শফিকুর রহমান। তিনি বলেন, বিরোধীদের এই কর্মসূচি কোনো একটি রাজনৈতিক দলের দাবি আদায়ের দলীয় আন্দোলন নয়।
‘আমরা ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছি। জনগণ আমাদের সঙ্গে আছে। দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব’, যোগ করেন তিনি।
সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ঢাকা-রংপুর লং মার্চ ঘিরে সারা দেশে ব্যাপক সাড়া তৈরি হয়েছে। কর্মসূচি নিয়ে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন মহল থেকে নানা ধরনের বক্তব্য দেওয়া হয়েছে। তবে বিরোধীদের লং মার্চ শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে।
স্বাগত বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, লং মার্চের কর্মসূচি শান্তিপূর্ণ থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির মামুনুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম) সহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।


