সুনামগঞ্জে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তিন সন্তানকে হত্যার অভিযোগ ওঠেছে শরাফত আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সন্তানদের বিষযুক্ত খাবার খাওয়ানোর পর তিনি নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। মুমূর্ষু অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার ভোরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রজনীলাইন গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে প্রতিবেশী ও স্বজনরা তিন শিশু ও বাবাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ বাদাঘাট বাজারের চিকিৎসক হাফিজ উদ্দিনের কাছে ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিন শিশুকে মৃত ঘোষণা করে চিকিৎসক।
নিহত শিশুরা হলো- মাওয়া (১০), তামিম (৭) ও শামিম (২)।
শরাফত মিয়ার স্ত্রী ও শিশুদের মা সৌদি আরব প্রবাসী বলে জানা গেছে।

তাহিরপুর সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ফৌজিয়া জানান, সকাল ৭টা ২০ মিনিটের দিকে তিন সন্তান ও বাবাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা যায়, শিশু তিনজন হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। আর বাবা শরাফতকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিবেশী এক বাসিন্দা জানান, ঘটনার আগে দিনের বেলা তিন শিশু সন্তানকে সঙ্গে নিয়ে স্থানীয় বড়ছড়া বাজারে আসেন শরাফত মিয়া। বাড়ি ফেরার পথে সঙ্গে করে বিরিয়ানি নিয়ে যান। ধারণা করা হচ্ছে- ওই বিরিয়ানির সঙ্গে বিষ মিশিয়ে তা সন্তানদের খাইয়ে নিজেও খান। তিনি আরও জানান, শরাফত জুয়ায় ও মাদকে আসক্ত ছিল। স্ত্রী প্রবাস থেকে টাকা পাঠাতেন আর সেই টাকা শরাফত নানা অপকর্মে ব্যয় করতেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, তিন শিশুর মরদেহ বর্তমানে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহগুলো সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।


