রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুরে একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে আমিনুল ইসলাম শাওন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার প্রথম প্রহরে আনুমানিক সোয়া ২টার দিকে আজিমপুর মেটানির ওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
লালবাগ থানা পুলিশ জানিয়েছে, ওভারব্রিজের নিচে রাখা একটি ভিআইপি বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় বাসের স্টাফ, স্থানীয় বাসিন্দা ও টহলরত পুলিশ সদস্যরা আমিনুল ইসলাম শাওনকে আটক করেন। আটকের সময় উত্তেজিত জনতার মারধরে তিনি আহত হন।
পুলিশ আরও জানিয়েছে, শাওনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


