খাদ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়িয়ে দৃশ্যমান পরিবর্তন আনার কথা বলেছেন নতুন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
তিনি বলেন, ‘আমরা সবাই মিলে খাদ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন আনতে চাই। জনগণের কল্যাণে স্বচ্ছতা, জবাবদিহি, দক্ষতা ও সেবার মান আরও বাড়াতে হবে।’
রোববার খাদ্য মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয় ও অধীন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, সরকারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সরকারি খাদ্য কর্মসূচিগুলো কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধবভাবে বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সরকারি খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি। খাদ্য সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণের প্রতিটি পর্যায়ে দক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার কথা বলেন।
মন্ত্রণালয়ের কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, দক্ষতা, নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ খাদ্যমন্ত্রী। তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খাদ্যমন্ত্রী। তার প্রতি প্রধানমন্ত্রীর আস্থার জন্য ধন্যবাদ জানান তিনি।
আফরোজা খানম বলেন, ‘প্রধানমন্ত্রীর ভিশন ও সরকারের অঙ্গীকার বাস্তবায়নে খাদ্য মন্ত্রণালয়কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’ এ জন্য সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে সমন্বিতভাবে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সভায় খাদ্যশস্য সংগ্রহ, মজুত, সরবরাহ ও সরকারি খাদ্য বিতরণসহ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে খাদ্যমন্ত্রীকে অবহিত করা হয়। তুলে ধরা হয় ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে খাদ্য নিরাপত্তা, সরকারি খাদ্য মজুত ব্যবস্থাপনা, কৃষকের কাছ থেকে খাদ্যশস্য সংগ্রহ ও ভোক্তাদের খাদ্য সরবরাহ কার্যক্রম উপস্থাপন করা হয়।
সভায় কর্মকর্তারা নতুন খাদ্যমন্ত্রীকে স্বাগত জানান। মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


