চট্টগ্রামের আকবরশাহ এলাকায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদ্যাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার রাতে আকবরশাহ থানা জামায়াতের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি ও সনাতন ধর্মাবলম্বী নেতারা অংশ নেন।
আকবরশাহ থানা জামায়াতের আমির আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চিকিৎসক মো. শাহাদাত হোসেন। সভা সঞ্চালনা করেন আকবরশাহ থানা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক এন্টন দাশ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবরশাহ থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপক দাশ, মিথুন সরকার। এ ছাড়া পরিষদের উপদেষ্টা সুভাষ চন্দ্র দে, শ্রীশ সাহা ও কৃষ্ণ ভজন আচার্য্য এবং উত্তর কাট্টলী ওয়ার্ড জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা উদ্যাপন করতে হবে। পূজার সময় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়েও তারা গুরুত্ব দেন।
সনাতন ধর্মাবলম্বী নেতাদের মধ্যে বক্তব্য দেন আচার্য পাড়া সমাজ কল্যাণ সমিতি পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কিশোর কুমার আচার্য, পূর্বাশা সংঘ দুর্গোৎসব উদ্যাপন পরিষদের সভাপতি রোজী চৌধুরী, শ্রীশ্রী রক্ষা কালী বাড়ি দুর্গোৎসব উদ্যাপন পরিষদের প্রতিনিধি সত্যজিৎ সাহা, অন্বেষা সংঘ দুর্গোৎসব উদ্যাপন পরিষদের সংগঠক রয়েল দত্ত এবং শ্রীশ্রী অদ্বৈতানন্দ মঠ ও মিশনের কাজল কান্তি দাশ।
এ ছাড়া বৈশাখী সংঘ পূজা উদ্যাপন পরিষদের সাগর শীল ও উজ্জ্বল বিশ্বাস, সুহৃদ সংঘের সভাপতি বিপ্লব দত্ত, প্যারীমোহন সেন বাড়ি দুর্গোৎসব উদ্যাপন পরিষদের রুবেল সেন এবং শ্রীশ্রী সেবাখোলা ও বৈকুণ্ঠধাম দুর্গোৎসব উদ্যাপন পরিষদের সভাপতি রনি আচার্য্য সভায় বক্তব্য দেন।


