সিপিবির সভাপতি সাজ্জাদ, সম্পাদক রতন

সিপিবির সভাপতি সাজ্জাদ, সম্পাদক রতন
সাজ্জাদ জহির চন্দন ও আবদুল্লাহ আল ক্কাফী রতন।
Advertisement
Advertisement

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ত্রয়োদশ কংগ্রেসে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।

সাজ্জাদ জহির চন্দন সভাপতি এবং আবদুল্লাহ আল ক্কাফী রতন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তারা দুজনই এতদিন দলের প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

বুধবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে অনুষ্ঠিত কংগ্রেসে নতুন নেতৃত্ব নির্বাচন হয়। এর আগে, সারা দেশ থেকে আসা প্রতিনিধিদের ভোটে ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়। পরে এই কমিটির বৈঠকে নতুন সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য পদে নেতৃত্ব চূড়ান্ত করা হয়।

এর আগে, ২০২২ সালে দ্বাদশ কংগ্রেসে মোহাম্মদ শাহ আলম সভাপতি এবং রুহিন হোসেন প্রিন্স সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তাদের আগের সভাপতি-সম্পাদক ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম ও সৈয়দ আবু জাফর আহমদ।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করো’ স্লোগান নিয়ে কংগ্রেস শুরু হয়। পরে বিএমএ মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে রাজনৈতিক প্রস্তাব, গঠনতন্ত্র সংশোধনীসহ বিভিন্ন রিপোর্ট উপস্থাপন ও অনুমোদন করা হয়।

আরও পড়ুন

নতুন সভাপতি সাজ্জাদ জহির চন্দন ১৯৯৪ থেকে ৯৬ সাল পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন এবং বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নতুন সাধারণ সম্পাদক রতন ১৯৮৯-৯০ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি এবং গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতাদের একজন।

সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন—মুজাহিদুল ইসলাম সেলিম, রফিকুজ্জামান লায়েক, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, জলি তালুকদার ও মো. আমিনুল ফরিদ।

এ ছাড়া,  ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটির অন্য সদস্যরা হলেন—মোহাম্মদ শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, মিহির ঘোষ, শাহীন রহমান, লক্ষ্মী চক্রবর্তী, পরেশ কর, অনিরুদ্ধ দাশ অঞ্জন, আনোয়ার হোসেন রেজা, কাজী রুহুল আমীন, সাজেদুল হক রুবেল, লুনা নূর, আবিদ হোসেন, ফজলুর রহমান, এম এম আকাশ, মৃণাল চৌধুরী, মন্টু ঘোষ, দিবালোক সিংহ, এমদাদুল হক মিল্লাত, মনিরা বেগম অনু, মনোজ দাশ, মো. কিবরিয়া, আসলাম খান, নিমাই গাঙ্গুলী, লাকী আক্তার, মানবেন্দ্র দেব, সাদেকুর রহমান শামীম, এস এম শুভ, আহসান হাবিব লাবলু, মহসিন রেজা, সুব্রতা রায়, রেবেকা সরেন, সাজিদুল ইসলাম, মঞ্জুর মঈন, এস এম শহীদুল্লাহ সবুজ, সুকান্ত শফি চৌধুরী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad