ইসির তালিকায় নৌকা স্থগিত, নেই শাপলাও

ইসির তালিকায় নৌকা স্থগিত, নেই শাপলাও
Advertisement
Advertisement

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের সই করা সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালায় এ সংশোধন গেজেট প্রকাশ করা হয়।

তালিকায় স্থগিত রাখা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের মার্কা ‘নৌকা’। আবার তালিকায় নেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রত্যাশিত ‘শাপলা’ প্রতীকও।

বিকালেই দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে এনসিপি। সেখানে বলা হয়েছে, শাপলা, সাদা শাপলা বা লাল শাপলাকে প্রতীয় হিসেবে বরাদ্দ চায় তারা। মঙ্গলবারই এক ফেসবুক পোস্টে হুঁশিয়ারি দিয়ে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম লিখেছিলেন, এনসিপিকে শাপলা প্রতীক না দিলে নির্বাচন কীভাবে হয় তা দেখে নেওয়া হবে।

এরই মধ্যে তালিকাসহ প্রজ্ঞাপন প্রকাশ করল নির্বাচন কমিশন।

শুরু থেকেই এনসিপি শাপলা প্রতীক বিধিমালার তফসিলে রাখার দাবি করে আসছিল। কিন্তু নির্বাচন কমিশন এ প্রতীকটি আর রাখেনি। সেক্ষেত্রে দলটির আর শাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই।

নিবন্ধন পুনর্বহাল হওয়া জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকও তালিকায় পুনর্বহাল হয়েছে।

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য যে ১১৫টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে তার মধ্যে স্থগিত থাকা নৌকা ছাড়া বাকিগুলো প্রার্থীদের মধ্যে বরাদ্দ করা যাবে বলে জানিয়েছে ইসি।

বিধিমালার তফসিলে সংসদ নির্বাচনে ‘দলীয়’ ও ‘স্বতন্ত্র’ প্রার্থীদের জন্য মোট ৬৯টি প্রতীক ছিল। এবার তা বাড়িয়ে ১১৫টি করা হলো।

বর্তমানে নির্বাচন কমিশনের ৫০টি দল নিবন্ধিত রয়েছে। এছাড়া নিবন্ধন বাতিল ও স্থগিত রয়েছে আরও পাঁচটি। এসব দলের বিপরীতে প্রতীকও সংরক্ষিত রয়েছে।

এবার নতুন কয়েকটি দলও নিবন্ধিত হতে যাচ্ছে। দলীয় প্রার্থীর বাইরে স্বতন্ত্র প্রার্থীদের জন্যও প্রতীক সংরক্ষণে রেখেছে ইসি।

গেজেটে প্রতীকের তালিকা যুক্ত করে বলা হয়েছে, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার ১৯৭২ এর আর্টিকেল ৯৪ এ পাওয়া ক্ষমতাবলে নির্বাচন কমিশন ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’ এর কিছু সংশোধন করেছে।

এই বিধিমালার বিধি নয় এর উপবিধি ১ এর পরিবর্তে নিচের উপবিধি ১ প্রতিস্থাপিত হবে। সে অনুযায়ী, এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেন ২০ এর দফা ১ এর অধীন, স্থগিত হওয়া প্রতীক ছাড়া নিচের প্রতীকগুলো থেকে প্রাপ্যতাসাপেক্ষে যেকোনো একটি বরাদ্দ করা যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad