দেশের সেরা অনূর্ধ্ব ১৯ বালক টেবিল টেনিস খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মো. নাফিজ ইকবাল এবং বালিকা বিভাগে খই খই সাই মারমা। একই সঙ্গে অনূর্ধ্ব ১৫ বালক বিভাগে সেরা হয়েছেন মো. মৃদুল রহমান এবং বালিকা বিভাগে জান্নাত ইসলাম রোজা।
চারজনই বিকেএসপির টেবিল টেনিস শিক্ষার্থী। প্রথম বাছাইয়ে নাফিজ, খই খই ও রোজা অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের উদ্যোগে মঙ্গলবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপ ২০২৬ উপলক্ষে অনূর্ধ্ব ১৯ ও অনূর্ধ্ব ১৫ বিভাগের শীর্ষ আট খেলোয়াড়কে নিয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রাথমিক বাছাই সম্পন্ন হয়েছে। আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ও চূড়ান্ত বাছাই শেষে টুর্নামেন্টের জন্য জাতীয় দল ঘোষণা করা হবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মোট ৩২ জন খেলোয়াড়ের মধ্য থেকে বিকেএসপির ১৭ জন, রংপুর জেলা ক্রীড়া সংস্থার তিনজন, বাংলাদেশ সেনাবাহিনীর দুইজন, জেল পুলিশের একজন এবং গ্রিন টিটির একজনসহ সর্বমোট ২৪ জন খেলোয়াড় মনোনীত হয়েছেন।
অনূর্ধ্ব ১৯ বালক বিভাগের অন্য নির্বাচিত খেলোয়াড়রা হলেন আবুল হাসেম হাসিব, তাহমিদুর রহমান সাকিব, মাহতাবুর রহমান মাহি, মো. মনিরুল ইসলাম ও মো. জয় ইসলাম।
অনূর্ধ্ব ১৯ বালিকা বিভাগের অন্য নির্বাচিত খেলোয়াড়রা হলেন রেশমী তনচ্যাঙ্গা, নুসরাত জাহান অনন্যা, ঐশী রহমান, মুসরাত জাহান সিগমা ও মোসা বুলবুলি।
অনূর্ধ্ব ১৫ বালক বিভাগের অন্য নির্বাচিত খেলোয়াড়রা হলেন মো. শাহীন আহম্মেদ, মো. রাব্বী ইসলাম, ফাহমিদ ফুয়াদ, তাহমিদুল ইসলাম পরশ ও রাহাত মাহামুদ নূর।


