সরকারি ট্যাক্স-ফ্রি গাড়ি ও প্লট না নেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে সংসদে বক্তব্য দিয়েছেন এনসিপি থেকে নির্বাচিত কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বুধবার সংসদের অধিবেশনে তিনি বলেন, ‘এবারের সংসদের সব সদস্যই এ ধরনের সুবিধা গ্রহণ না করার ব্যাপারে অনড় অবস্থানে রয়েছেন। কিন্তু মঙ্গলবার সরকারি গাড়ি ব্যবহার করা সংক্রান্ত একটি বক্তব্য মিডিয়াতে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।’
হাসনাত আবদুল্লাহ বলেন, “সরকারি গাড়ির সুবিধা নিয়ে আমার বক্তব্যকে কেন্দ্র করে কিছু গণমাধ্যম ‘ভিত্তিহীন’ সংবাদ প্রচার করেছে। আমি স্পষ্ট করে বলতে চাই, এবারের সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট নেবেন না বলে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এই অবস্থান অটল রয়েছে। যা ইতোমধ্যে নজির সৃষ্টি হয়েছে।”
তিনি আরও ব্যাখ্যা করে বলেন, ‘দায়িত্ব পালনকালে প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের মতোই সংসদ সদস্যরা কেবল কর্ম-সম্পাদনের জন্য একটি গাড়ি ব্যবহার করতে চান। জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান বা ইউএনওরা যেমন দায়িত্বকালীন গাড়ি ব্যবহার করেন, তেমনি আমরা এমপি থাকাকালীন কাজের স্বার্থে একটি গাড়ি ব্যবহার করতে চাই। তবে এমপি না থাকার পর সেই সুবিধা আর কেউ ভোগ করবে না।’
হাসনাত আবদুল্লাহর বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি আরও পরিষ্কার করে দেন।
তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত কোনো সদস্য সরকারি প্লট বা গাড়ি ব্যক্তিগত সুবিধা হিসেবে গ্রহণ করবেন না, এ বিষয়ে পরিষ্কার অবস্থান রয়েছে। এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।’


