রাজধানীর ডেমরা পূর্ব বক্সনগর এলাকার একটি মাদ্রাসায় বৈদ্যুতিক সুইচের বক্সে বিস্ফোরণে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।
সোমবার বেলা ৩টার দিকে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার তাখসিসি শাখায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত শিক্ষার্থীরা হলো রেদোয়ান (১৬), মোদাব্বির (১৫), সাফি (১৫), হুজাইফা (১৬) ও রোমান (১৫)। তারা সবাই মাদ্রাসাটির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
মাদ্রাসার শিক্ষক আশিকুর রহমান আকাশ জানান, আটতলা ভবনটির পুরোটাই মাদ্রাসা। শিক্ষার্থীরা ষষ্ঠ তলায় থাকে। বিকালে তারা যখন ঘুমিয়ে ছিল, তখন দেওয়ালে থাকা একটি বৈদ্যুতিক সুইচের বক্সে বিস্ফোরণ হয়। এতে দেয়ালের কয়েকটি ইট খসে পড়ে এবং সেগুলোর আঘাতে ওই পাঁচ শিক্ষার্থী আহত হয়। দুর্ঘটনার পরপর তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তাদের শরীরের ১ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পুড়ে গেছে। শফিউল্লাহ প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছে। মুনতাসির ভর্তি রয়েছে। আর বাকি দুজন অবজারভেশনে রাখা জয়েছে। তাদের কারো অবস্থা গুরুতর নয়।


