বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন এবং তা নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে হস্তান্তর করেন।
এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মরদেহ হস্তান্তরের পর বাণিজ্যমন্ত্রী জানান, প্রবাসে কর্মরত বাংলাদেশিদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকারের পক্ষ থেকে গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ সৎকার কার্যক্রমের জন্য ৩৫ হাজার টাকা তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়েছে।
এ ছাড়া ওয়ারিশ সনদ প্রাপ্তি সাপেক্ষে নিহতের পরিবারকে আরও তিন লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও প্রতিশ্রুতি দেন মন্ত্রী।
বিদেশগামী সব ব্যক্তিকে অবশ্যই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর মাধ্যমে নিবন্ধন করে বিদেশ যাওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘যেকোনো প্রয়োজনে যেন তারা দ্রুত সহায়তা পেতে পারেন তা নিশ্চিত করতে সরকারের আনুষ্ঠানিক তালিকায় অন্তর্ভুক্ত হওয়া জরুরি।’
আব্দুল মুক্তাদির প্রবাসে কর্মরত সব বাংলাদেশির নিরাপত্তা ও সুস্থতা কামনা করেন এবং নিহত গিরিশ চন্দ্র সূত্রধরের আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, গিরিশ চন্দ্র সূত্রধর সিলেট জেলার সদর উপজেলার পূর্ব মাছপাড়া এলাকার বাসিন্দা ছিলেন এবং তিনি কিছুদিন আগে মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপনাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে বাহরাইনে কর্মরত অবস্থায় মারা যান।


