ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাকা) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বাসটির অন্তত ৮ শিক্ষার্থী আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বুধবার সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাস দুর্ঘটনার মুখে পড়ে। বাসটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে রেইনবো ক্রসিংয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কয়েকটি গাড়িকে দুমড়ে মুচড়ে দিয়ে মগবাজার ফ্লাইওভার এর সঙ্গে ধাক্কা খায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, আটজন আহতের মধ্যে পাঁচজন ইতোমধ্যে প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকটাই সুস্থ হয়েছে। বাকি তিনজনের মধ্যে দুইজন চিকিৎসারত এবং একজনকে কয়েকদিন বিশ্রামে থাকতে হবে।
বাসের সামনের চাকা ব্লাস্ট হওয়ায় গাড়িটি ডিভাইডারে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয় জানিয়ে রফিকুর ইসলাম বলেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানি, গাড়িটি উল্টে যায়নি এবং বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।’
দুর্ঘটনার ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি বলেন, ‘তারা যদি যোগাযোগ করে, বিষয়টি আমাদের দায়িত্ব ও মানবিকতার জায়গা থেকে দেখব। ক্ষতিপূরণ বা অন্য কোনো সহায়তা প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় সেটিও বিবেচনা করবে।’


