কক্সবাজারের ঈদগাঁওয়ে বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম ছাবের আহমদ (৭৩)। তিনি ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়া সাতঘরিয়া পাড়ার বাসিন্দা।
বুধবার ভোরে একই এলাকায় নিজের ধানক্ষেত পাহারা দিতে গেলে বন্যহাতির কবলে পড়েন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাবের আহমদ ভোরে ক্ষেতের পাশে আগুন জ্বালিয়ে ফসল রক্ষার চেষ্টা করছিলেন। এ সময় হঠাৎ একটি বন্যহাতি তাকে আক্রমণ করে। হাতিটি শুঁড় দিয়ে তার দুই পা, হাত ও মুখে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাতঘরিয়া পাড়া মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘ভোরে হঠাৎ হাতির বিকট গর্জনে ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখি মসজিদের পাশেই ছাবের আহমেদের নিথর দেহ পড়ে আছে। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার আয়েই সংসার চলত। এখন পরিবারটি সম্পূর্ণ অসহায়।’
হাতির আক্রমণে কৃষকের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য জুবায়েদ উল্লাহ জুয়েল বলেন, ‘ধানক্ষেত থেকে হাতি তাড়াতে গিয়ে ওই আক্রমণে ছাবের আহমদের মৃত্যু হয়। তিনি অন্যের জমি বর্গা নিয়ে চাষ করতেন। পরিবারটি চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করত। তার বড় ছেলেও মানসিকভাবে অসুস্থ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।’
ফুলছড়ি রেঞ্জ রাজঘাটের কর্মকর্তা শাহ আলম বলেন, ‘বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে বনবিভাগের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বনবিভাগের পক্ষ থেকে বন্যহাতির আক্রমণে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এজন্য নির্ধারিত প্রক্রিয়া মেনে পরিবারকে আবেদন করতে বলা হয়েছে।’
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজহার বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের সিদ্ধান্তে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।’


