শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘মাদকাসক্ত’ ও ‘টিকটকার’ বলে মন্তব্য করায় বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েছেন এক ছাত্রদল নেতা। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা ভিসি চত্বরে প্রবেশ করলে সেখানে অবস্থানরত কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
এ সময় ছাত্রদলের এক নেতা আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘ওদেরকে কিছু আর বলার নাই। ওরা মাদকাসক্ত, টিকটকার।’
এ মন্তব্যের পর আন্দোলনরত শিক্ষার্থীসহ ঘটনাস্থলে উপস্থিত অনেকেই এর প্রতিবাদ জানান। একপর্যায়ে ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আগে থেকেই ঘটনাস্থলে মোতায়েন থাকা পুলিশ সদস্যরা হস্তক্ষেপ করেন। পরে তাদের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়।
এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভ করে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে যেতে চাইলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান থাকায় পুলিশ তাদের বাধা দেয়।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বন্যা পরিস্থিতি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া এবং শিক্ষামন্ত্রীর বক্তব্যের জন্য তাদের এই বিক্ষোভ সমাবেশ। সমাবেশে শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, ফার্মের মুরগী’, ‘দফা এক দাবি এক মিলনের পদত্যাগ’ স্লোগান দিতে থাকেন।


