দেশের ১৩ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
রোববার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, ‘তেঁতুলিয়ায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। হিমালয়ের নিকটবর্তী হওয়ায় এ অঞ্চলে শীতের তীব্রতা তুলনামূলক বেশি অনুভূত হয়। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে।’
সকালে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কনকনে ঠান্ডায় মানুষজন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। বিভিন্ন মোড়ে ও চায়ের দোকানের পাশে শীত নিবারণের জন্য আগুন জ্বালিয়ে শরীর গরম করছেন শীতার্ত মানুষ। হাসপাতালগুলোতেও ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন।
জেলার সদর উপজেলার গোয়াঝাড় এলাকার চা শ্রমিক আনোয়ার হোসেন বলেন, ‘হিমশীতল বাতাসের মধ্যেই চা বাগানে পাতা তুলতে হয়। এতে হাত-পা অবশ হয়ে আসে, তবুও জীবিকার তাগিদে কাজ চালিয়ে যেতে হচ্ছে।’
ভ্যানচালক নয়ন আলী বলেন, ‘কনকনে ঠান্ডায় সকালে ভ্যান নিয়ে বের হওয়াই কষ্টকর হয়ে পড়েছে।’


