চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা ১৯তম দিনের মতো অবস্থান কর্মসূচিতে বসেছেন।
শুক্রবার সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থান নিতে দেখা যায় তাদের।
শিক্ষকদের অভিযোগ, আমলাতান্ত্রিক জটিলতা ও নান পক্ষের প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাত দিয়ে চাকরি জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ তাদের।
যেসব দাবিতে এই মাদ্রাসাশিক্ষকরা পথে নেমেছেন সেগুলো হলো–অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা; সুপারিশকৃত প্রতিষ্ঠানগুলোকে দ্রুত এমপিওভুক্ত করে প্রজ্ঞাপন জারি; স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা নিবন্ধনের ওপর ২০০৮ সালের স্থগিতাদেশ বাতিল; প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা করা এবং প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক-প্রাথমিক শ্রেণি চালু করা।
এর আগে গত বুধবার জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয়ের দিকে যাওয়ার সময় আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশে সংঘর্ষ হয়। এ সময় সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
এতে আহত অর্ধশতাধিক শিক্ষক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।


