নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাদিয়া আক্তার (২৩) নামে এক গার্মেন্টসকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে তার স্বামী ও ছয় বছর বয়সী মেয়ে নিখোঁজ রয়েছে।
সোমবার রাত ১১টায় মিজমিজি বাতানপাড়া এলাকার শাহজাহান মাস্টারের টিনশেড বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ বাড়িতেই তারা পরিবার নিয়ে ভাড়া থাকতেন বলে জানা গেছে।
নিহত সাদিয়া আক্তার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের মো. ইউসুফ মোল্লার মেয়ে। তিনি আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, গত ১ জুলাই সাদিয়া তার ছয় বছর বয়সী মেয়ে এবং স্বামী পরিচয়দানকারী এক ব্যক্তিকে নিয়ে ওই বাসায় ভাড়া ওঠেন। বাড়ির মালিকের কাছে সাদিয়া নিজের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিলেও ওই ব্যক্তি পরে পরিচয়পত্র দেবেন বলে আর দেননি।
সোমবার রাতে বাড়ির মালিক সাদিয়ার রুমে খাটের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের পাঠায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘নিহতের মুখের বাম পাশে জমাট রক্ত দেখাগেছে। বাকিটা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া করা যাবে। নিখোঁজ ব্যক্তি ও শিশুর সন্ধান চলছে।’ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।


