দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট দুই যুগে পা রাখল। গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী শারমিন সুলতানা সুমির নেতৃত্বে গড়ে ওঠা ব্যান্ডটি গত দুই দশকে বাংলা গানের ভান্ডারে যুক্ত করেছে বহু জনপ্রিয় গান। এই দীর্ঘ যাত্রায় দেশ-বিদেশে তারা পেয়েছে একাধিক পুরস্কার ও সম্মাননা।
নতুন বছরের শুরুটা চিরকুট করেছে কনসার্ট দিয়ে। গত ৩ জানুয়ারি সিলেটে কনসার্টের মাধ্যমে ২০২৬ সালের সংগীতযাত্রা শুরু করে ব্যান্ডটি। এরপর ৯ জানুয়ারি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের ২৫তম আসরে তৃতীয়বারের মতো ‘সেরা ব্যান্ড’ হিসেবে সম্মাননা লাভ করে চিরকুট।
২০২৫ সালে প্রকাশিত চিরকুটের অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’-এর ‘দামি’ গানটির জন্য এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার গ্রহণের সময় মঞ্চে উপস্থিত ছিলেন ব্যান্ডটির সব সদস্য। অনুভূতি প্রকাশ করে শারমিন সুলতানা সুমি বলেন, ‘নিজেদের কথা ও সুরে করা “দামি” গানটির জন্য এই স্বীকৃতি আমাদের দুই যুগের পথচলায় নতুন অনুপ্রেরণা যোগাল। শ্রোতাদের ভালোবাসা আর সৃষ্টিকর্তার কৃপাই আমাদের শক্তি।’
তিনি অ্যালবামটির সঙ্গে যুক্ত কো-প্রডিউসার জাকির আহমেদ ও সাউন্ড ইঞ্জিনিয়ার শুভসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
নতুন বছরে চিরকুট মনোযোগ দিচ্ছে তাদের পঞ্চম অ্যালবামে। পাশাপাশি দেশ ও বিদেশে নিয়মিত কনসার্টে অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে। ব্যান্ডটি জানিয়েছে, আগামী বছর চিরকুটের ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘সিলভার জুবিলি’ উদযাপনের প্রস্তুতিও চলছে।
চিরকুট-এর বর্তমান লাইন আপ- পাভেল আরিন-ড্রামস, মিউজিক প্রোডিউসার, প্রান্ত-গিটার, ম্যান্ডোলিন, সেতার, ইউকেলেলে, ইশমামঃ বেইজ, দিব্যঃ লিড গিটার, ইয়ারঃ হারমোনিয়াম, কিবোর্ড, ভায়োলিন, ভোকাল, ফায়েজ সাগরঃ সাউন্ড ইন্জিনিয়ার,শারমীন সুলতানা সুমীঃ গীতিকার, সুরকার, মিউজিক ডিরেক্টর, ভোকালিস্ট।


