চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাসের ধাক্কায় সিয়াম আলী নামের তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। সোমবার দুপুরে দামুড়হুদা উপজেলার ধান্যঘরা ক্লাব মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম আলী ওই গ্রামের পলাশ উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে কার্পাসডাঙ্গা থেকে দাদির সঙ্গে বাড়ি ফিরছিল সিয়াম। ধান্যঘরা ক্লাব মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


