বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের বারান্দার ছাদের পলেস্তারা খসে পড়ে ৫ জন আহত হয়েছেন।
সোমবার দুপুরে বাগেরহাট জেলা জজ আদালতের এজলাসের সামনের বারান্দায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, হাবিবুল্লাহ শেখ ও তার বাবা মো. সিরাজ শেখ, সুমন দাস, হৃদয় হাওলাদার এবং মোতালেব। এদের বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।
যেখান থেকে পলেস্তারা খসে পড়েছে সেখান থেকে রড বের হয়ে গেছে। যেকোন সময় আরও দূর্ঘটনা ঘটতে পারে।
আহতরা জানান, তারা আদালতের বারান্দায় দাড়িয়ে ছিলেন। হঠাৎ করে ছাদের পলেস্তারা খসে তাদের উপর পরে। দুই জনের মাথা ফেটে গেছে। ৫ জন আহত হয়েছেন। আহতরা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, আদালতে ছাদের পলেস্তারা খসে পাঁচজন রোগী এসেছেন। তাদের দুইজনের মাথায় সেলাই লেগেছে। অন্যদেরও ঘাড়ে ও পায়ে আঘাত লেগেছে। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা এখন শঙ্কামুক্ত। পুরোপুরি সুস্থ্য হলে বাসায় যেতে পারবেন।


