দেশীয় আদালতে দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শামা ওবায়েদ বলেন, ‘সরকার এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে, কারণ তার অসংখ্য অপরাধ ও অপকর্মের জন্য বাংলাদেশের মাটিতে এনে বিচারটা সম্পন্ন হোক, সেটা বাংলাদেশের জনগণ চায়।’
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে নয়াদিল্লিতে যান। এরপর থেকে অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী সময়ে গঠিত বিএনপি সরকার—উভয়ই তার প্রত্যাবর্তনের জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠায়।
পাচার করা অর্থ পিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতেও সরকার কাজ করছে এবং বর্তমানে এই বিষয়ে আলোচনা চলমান রয়েছে।
তিনি বলেন, যেসব দেশে অর্থ পাচার করা হয়েছে, সেসব দেশের সরকারের সঙ্গে চুক্তি স্থাপনের মাধ্যমে সরকার অর্থ পুনরুদ্ধারের প্রক্রিয়ায় এক ধাপ এগিয়ে গেছে।
শামা ওবায়েদের তথ্যমতে, এই অর্থ বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া সহজ করতে সংশ্লিষ্ট বিদেশি সরকারগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।
তিনি আরও যোগ করেন, অর্থ পুনরুদ্ধারের এই প্রক্রিয়াটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক কাঠামো, নিয়ম ও নীতিমালার মধ্য দিয়ে চলে। এটি একটি সময়সাপেক্ষ বিষয় ও রাতারাতি তা সম্পন্ন করা সম্ভব নয়।


